আরও চারটি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী জাহাজের (বাল্কহেড) ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় গতকাল শুক্রবার আরও তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত দুজন।
এদিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বসুরচরে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় গতকাল বিকেলে উদ্ধার করা হয়েছে কেয়া (৬) নামের আরেক শিশুর লাশ। এ নিয়ে মোট ছয়টি লাশ পাওয়া গেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা থেকে রাজধানীর লালবাগ শহীদনগরের গৃহবধূ জমিলা খাতুন (৬৫) এবং রাসেল (২০) ও আলমগীর হোসেনের (৩০) লাশ উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মোমতাজ উদ্দিন প্রথম আলোকে জানান, লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলারটি গত বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার বেলতলী সোলায়মান ফকিরের (ল্যাংটার) মেলা থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা পৌনে একটার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেড সাথীবুল বাহার-২ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এতে ১৫ থেকে ২০ জন নিখোঁজ হন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার লালবাগ এলাকার মো. কাজল (২৫) ও সামাদ (২৫) নিখোঁজ রয়েছেন বলে স্বজনেরা দাবি করেছেন।
এদিকে গজারিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে কেয়ার লাশ বসুরচরে মেঘনা নদীতে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবদুল কাদেরের মেয়ে। এর আগে উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।
গতকাল লাশ উদ্ধার তৎপরতায় পুলিশ ছাড়া আর কাউকে দেখা যায়নি। আগের দিন নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, র্যা ব ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধারকাজে যোগ দিয়েছিলেন।
এ দুর্ঘটনায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থানায় মামলা হয়নি। বাল্কহেডের চালককে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। এতে বালুবাহী জাহাজের চালক ও মালিককে আসামি করা হবে। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর নদীতে বালুবাহী জাহাজ বাল্কহেড চলাচলে বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসন নিষিদ্ধ করেছে। তা উপেক্ষা করে সন্ধ্যার পরে বালুবাহী জাহাজগুলো চলাচল অব্যাহত রয়েছে। এ কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, এই বিষয়ে নদীতে টহল আরও জোরদার করার জন্য কোস্টগার্ড ও নৌ-পুলিশকে বলা হবে। নদীতে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।
গত বুধবার রাত নয়টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা নদীর বসুরচরে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ৭০ জনের মতো যাত্রী ছিলেন। ট্রলারটি ল্যাংটার মেলায় যাচ্ছিল।