আগেও একাধিক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উ.) ইউনিয়নের কাপাইকাপ আলিম মাদ্রাসার আরবি শিক্ষক আবদুল জলিল। এ ধরনের আচরণের কারণে এর আগের একাধিক জায়গির বাড়ি থেকে তাঁকে বের করে দেওয়া হয়। তাঁর মাদ্রাসা থেকে পাস করে বের হওয়া কয়েকজন ছাত্রও অভিযোগ করেছেন, ছাত্রীদের সঙ্গে তাঁর আচরণ অনেক সময়ই দৃষ্টিকটু ঠেকত। এলাকায় জলিল হুজুর নামে পরিচিত আবদুল জলিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সোয়া ১১ বছরের শিশুটি বর্তমানে অন্তঃসত্ত্বা। মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই, গভর্নিং বডির সদস্য আবদুর রব খা ও মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সহযোগিতায় শিশুটির সঙ্গে জলিল হুজুরের বিয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু শিশুটির বাবার করা মামলায় দুই সহযোগী শিক্ষকসহ জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।জলিলের সঙ্গে গ্রেপ্তার অন্য দুজন হলেন মাদ্রাসার গণিতের শিক্ষক আবুল খায়ের ও কম্পিউটারের শিক্ষক কাউসার আহমেদ। আবদুল জলিলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে। বাদীর আইনজীবী গোলাম মোস্তফা জানান, আসামিদের চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আজমের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী তাঁদের জামিন প্রার্থনা করলে আদালত আগামী ৬ মার্চ জামিন শুনানির দিন ধার্য করেন। এর আগে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় মেয়ের জবানবন্দি রেকর্ড করবেন। গতকাল সরেজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী পরিবার, জলিলের জায়গির বাড়ি এবং কর্মস্থল কাপাইকাপ মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে। আবদুল জলিল ২৩ বছর ধরে কাপাইকাপ মাদ্রাসায় শিক্ষকতা করছেন। বাড়ি কুমিল্লা হওয়ায় তিনি কাপাইকাপসহ আশপাশের গ্রামে জায়গির থাকতেন। বছর দু-এক আগে কাপাইকাপ গ্রামের প্রধানীয়া বাড়িতে একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণের কারণে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। একই ধরনের অভিযোগের কারণে জলিলকে চন্দন খা বাড়ি থেকে চলে যেতে হয়েছে। বলাখাল মুকবুল আহমেদ কলেজের ডিগ্রির ছাত্র ইসমাইল হোসেনসহ এলাকার একাধিক যুবক বলেন, ‘যখন মেয়েটির সঙ্গে জলিল হুজুরের বিয়ের উদ্যোগ নেওয়া হয়, তখন আমরা বাধা দিয়েছি। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই আমাদের এ নিয়ে বাড়াবাড়ি করলে ইভ টিজিং মামলায় গ্রেপ্তার করানোর ভয় দেখান।’ জোগাই প্রধান বাড়ির অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, মেয়েটির বাবাকে তাঁর বড় ভাই জায়গা-সম্পত্তি নিয়ে সাত-আটটি মামলা দিয়ে হয়রানি করছেন। তার ওপর তাঁর শিশু মেয়েটিকে নিয়ে এ অবস্থা পরিবারটিকে ধ্বংসের পথে দাঁড় করিয়েছে। গতকাল মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে পাওয়া যায়নি। সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গণি বলেন, ‘অধ্যক্ষ সাহেব মঙ্গলবার দুপুরে মাদ্রাসার কাজে চাঁদপুর যাবেন বলে গেছেন। আজও আসেননি।’ তবে মাদ্রাসার একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, ‘আমরা অধ্যক্ষের অধীনে চাকরি করি। ওনার যেকোনো সিদ্ধান্ত মানতে বাধ্য। ওনার সিদ্ধান্ত মানতে গিয়ে আমাদের দুজন শিক্ষককে আজ জেলে যেতে হয়েছে।’ মেয়ের মা প্রথম আলোকে বলেন, প্রতিদিনই একাধিক পত্রপত্রিকার লোকজন বাড়িতে আসছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং এনজিওর লোকজন আসছেন। কেউ কেউ মেয়েকে তাঁদের তত্ত্বাবধানে নিতে চেয়েছেন। এসব আলোচনা আর লোকজনের আসা-যাওয়ায় মেয়েটি শুধু কান্নাকাটি করছে। তিনি আরও বলেন, ‘বাড়ির জমি-জমা নিয়ে আমার ভাশুর আদালতে একাধিক মামলা করে রেখেছেন। এসব মামলা চালাতে এ পর্যন্ত প্রায় দুই লাখ টাকা চড়া সুদে ঋণ নেওয়া হয়েছে। মেয়ের ঘটনায় কাজকর্ম বন্ধ। পাওনাদারেরা টাকার জন্য প্রতিদিন বাড়িতে ঝামেলা করছে। কী করব বুঝতে পারছি না।’