আরও ছয় দেহাবশেষ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে। থাইল্যান্ডের শংখলা প্রদেশের পাদাং বেসার শহরের কাছের জঙ্গল থেকে গতকাল আরও ছয়টি দেহাবশেষ উদ্ধার করে পুলিশ l ছবি: এএফপি
মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে। থাইল্যান্ডের শংখলা প্রদেশের পাদাং বেসার শহরের কাছের জঙ্গল থেকে গতকাল আরও ছয়টি দেহাবশেষ উদ্ধার করে পুলিশ l ছবি: এএফপি

থাইল্যান্ডের শংখলা প্রদেশের প্রত্যন্ত সাদাও এলাকার জঙ্গলে গতকাল বুধবার আরও ছয়টি দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এগুলো পাচার বা অপহরণের শিকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
মালয়েশিয়া সীমান্তবর্তী শংখলা প্রদেশের ওই জঙ্গল এলাকায় গত ছয় দিনে মানব পাচারকারীদের অন্তত পাঁচটি ঘাঁটির সন্ধান পেয়েছে থাই পুলিশ। প্রথম সন্ধান পাওয়া ঘাঁটিতে একটি গণকবর থেকে গত শুক্র ও শনিবার ২৬টি দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল পর্যন্ত সব মিলিয়ে ৩২টি দেহাবশেষ ও তিনটি কঙ্কাল উদ্ধার হলো। এর মধ্যে গত মঙ্গলবার দুটি কঙ্কাল উদ্ধার করা হয় শংখলা থেকে কয়েক শ কিলোমিটার দূরে ফাং এনগা প্রদেশে পাচারকারীদের একটি ঘাঁটি থেকে। এসব দেহাবশেষ ও কঙ্কালগুলো বাংলাদেশি বা রোহিঙ্গাদের বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
থাই পুলিশের মুখপাত্র প্রায়ুত থাভর্নসিরি জানান, বুধবার পাওয়া ছয়টি দেহাবশেষের মধ্যে চারটি দেহাবশেষ নারীর ও অন্য দুটি পুরুষের বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, পাহাড়ের পাশের জঙ্গলের একটি মাটি খুঁড়ে ওই ছয়টি দেহাবশেষ উদ্ধার করা হয়। প্রথম যে ঘাঁটি থেকে ২৬টি দেহাবশেষ পাওয়া যায়, সেই স্থান থেকে এক কিলোমিটারের মধ্যেই এই ছয়টি দেহাবশেষ পাওয়া গেল। অবস্থা দেখে মনে হয়েছে, বেশ কিছুদিন আগে ওই ছয়জনের মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত না হলেও দেহাবশেষগুলো পাচার বা অপহরণের শিকার হওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের বলে ধারণা করছে পুলিশ।
মানব পাচারবিরোধী সংগঠন ফ্রিল্যান্ড গত মঙ্গলবার জানায়, পুলিশের তদন্ত ও এনজিওগুলোর তথ্যমতে পাচারকারীরা অপহরণের পর পরিবারগুলোর কাছ থেকে গড়ে তিন লাখ মার্কিন ডলার দাবি করে। না পেলে মালয়েশিয়ার কৃষকদের কাছে জনপ্রতি এক হাজার মার্কিন ডলারে বিক্রি করে। এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ওই অঞ্চলে মানব পাচার রোধে ‘ওই অঞ্চলের দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার’ আহ্বান জানিয়েছে।
আসকের উদ্বেগ: থাইল্যান্ডে গণকবরের সন্ধান এবং সেখানে বাংলাদেশিসহ অনেক মানুষের কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক এ উদ্বেগ জানায়।
বিজ্ঞপ্তিতে আসক বলেছে, সমুদ্রপথে মানব পাচার এখন বৈশ্বিক সমস্যা। এটি মোকাবিলায় আঞ্চলিক ও আন্তরাষ্ট্রীয় জোটগুলোকে পরিকল্পনা নিতে হবে। বর্তমানে যারা থাইল্যান্ডের জঙ্গলে বন্দী আছে, তাদের জীবিত উদ্ধার এবং মৃতদের পরিচয় নির্ধারণ প্রক্রিয়ায় থাই সরকার যাতে অংশ নেয়, সে জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।