আরও ছয় মামলায় ৩৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধপল্লিতে হামলা
বৌদ্ধপল্লিতে হামলা

কক্সবাজারের রামু বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় আরও ছয়টি মামলায় ৩৫৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এসব অভিযোগপত্রে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে হামলার অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে রামু, সদর, উখিয়া ও টেকনাফের পৃথক ১১টি মামলায় ৩২৪ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছিল। এ হিসাবে মোট ১৭টি মামলার ৬৮২ জনকে অভিযুক্ত করা হলো।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উখিয়ার পৃথক তিনটি মামলায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহজালাল চৌধুরী ও তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরীকে বৌদ্ধমন্দিরে হামলার জন্য অভিযুক্ত করা হয়। তাঁরা দুই ভাই জামিনে মুক্ত রয়েছেন।
আর নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদকে রামুর বৌদ্ধমন্দির হামলার পৃথক তিনটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।
কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক মিজবাহ উদ্দিন আহমদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গত ২৫ জানুয়ারি আদালতে দাখিল করা অভিযোগপত্রে রামু লালচিং ও সাদাচিং বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ মামলায় চেয়ারম্যান তোফাইল আহমদসহ ৭৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। রামু উত্তর মিঠাছড়ি বিদর্শনভাবনা কেন্দ্রের ১০০ ফুট লম্বা গৌতমবুদ্ধ সিংহ শয্যামূর্তি হামলা ও ভাঙচুর মামলায় ৭১ জন এবং রামুর আরও পৃথক চারটি মামলায় ২১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজার সদরসহ চার উপজেলায় বৌদ্ধধর্মাবলম্বীদের ৪৭ বাড়ি এবং ১৯টি প্রার্থনালয়ে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ১৯টি মামলা হয়। এর মধ্যে এ পর্যন্ত ১৭টি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রামুর বাকি দুটি মামলায়ও শিগগির অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেছেন, হামলার ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা তিন সদস্যের তদন্ত দল ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হামলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের চিহ্নিত অর্ধশতসহ ২০৫ জনকে অভিযুক্ত করা হয়। কিন্তু এ পর্যন্ত আদালতে দাখিল করা পুলিশের ১৭ মামলার অভিযোগপত্রে চিহ্নিতদের কেউ নেই। এতে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।