আরও ছয় সপ্তাহ জামিনে থাকবেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ ছয় সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর আইনজীবী বলেছেন, এর ফলে আরও ছয় সপ্তাহ মির্জা ফখরুল জামিনে থাকবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
আদেশের পর সগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ জন্য আমরা তাঁর আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত আত্মসমর্পণের মেয়াদ ছয় সপ্তাহ বাড়িয়েছেন। ফলে এ সময়ে তিনি জামিনে থাকবেন।’
গত ১৩ জুলাই মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। ওই দিনের আদেশে আদালত বলেছিলেন, ছয় সপ্তাহ পর মির্জা ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ওই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ১৩ জুলাই ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ।