রেলে নিয়োগে দুর্নীতির মামলায় আরও ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আদালত আগামী ১২ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
সাক্ষ্য গ্রহণের সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ চার আসামি। অপর আসামি গোলাম কিবরিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। প্রসঙ্গত, মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগের দুর্নীতির ১৪টি মামলা রয়েছে।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষী হযরত আলী মিঞা ও নুরুল বাশার আদালতকে জানান, ফুয়েল চেকার পদে নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন করে কোড নম্বর দিয়ে রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরে জানতে পারেন, মূল্যায়ন করা খাতাগুলোর উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে পাস দেখানো হয়। আরেক সাক্ষী আবু সাঈদ আদালতকে জানান, নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে পাস দেখান আসামিরা পরস্পর যোগসাজশে। নিয়োগ পরীক্ষার টেবুলেশন শিটে থাকা নম্বরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীদের পাস দেখান আসামিরা। বাকি তিন সাক্ষী আদালতকে জানান, দুদক উত্তরপত্রসহ যাবতীয় কাগজপত্র জব্দকালে তাঁরা জব্দ তালিকায় সাক্ষী হিসেবে ছিলেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।