প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আলোচিত মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় গতকাল সোমবার ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।
আজ মঙ্গল ও কাল বুধবার দুই দিনে ছয়জন করে আরও ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
গতকাল যাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন যে এলাকায় হত্যাকাণ্ডটি হয়েছে সেই এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম, আবদুল কাদের, বাছের উদ্দিন, মোত্তালেব, রহমত আলী ও নজরুল ইসলাম।
মামলার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বলেন, সব সাক্ষীই বলেছেন, পীরের মাজারের খাদেম হওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এলাকার মানুষের মুখে এমন কথা ছড়িয়ে পড়ার পর তাঁকে হত্যা করা হয়। হত্যার পর তাঁরা (সাক্ষী) ঘটনাস্থলে গিয়ে খাদেমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।