আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলার গতকাল মঙ্গলবার আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ নিয়ে ১৮ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলো। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে। আজ বুধবার আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে।

গতকাল যাঁদের সাক্ষ্য গ্রহণ হয়েছে তাঁরা হলেন যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে ওই এলাকার বাসিন্দা হযরত আলী, শাহ আলম, বিপ্লব চন্দ্র রায়, রেজাউল ইসলাম, সাবেক ইউপি মেম্বার মাসুদ রানা ও সাবেক সেনাসদস্য সৈয়দ আলী সাঈদ।

এ মামলার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, সাক্ষী মাসুদ রানা ও সৈয়দ আলী সাক্ষ্যে বলেছেন, জঙ্গি সদস্য মাসুদ রানার পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় হাতবোমা তৈরির ৫৪টি খালি কৌটা ও তিনটি ছোরা উদ্ধার করার বিষয়টি তাঁরা দেখেছেন। অন্য চারজন এলাকবাসী সাক্ষ্য গ্রহণে বলেছেন, ছোরা দিয়ে খাদেমের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেছেন।

রথীশ চন্দ্র ভৌমিক আরও জানান, এই মামলায় ১২ জন জঙ্গির বিরুদ্ধে এর আগে অভিযোগ গঠনিত হয়েছে। তিনজন পলাতক রয়েছেন। গতকাল নয়জন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়।

মামলার বিবরণ ও আদালতের বিশেষ পিপি সূত্র জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলী (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।