রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আরও ছয় সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণের সময় আসামির কাঠগড়ায় ছিলেন আসামি মৃধা ও হাফিজুর রহমান। অন্যরা পলাতক রয়েছেন। মামলায় ২৫ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। আদালত ২১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগের দুর্নীতির ১৪টি মামলা রয়েছে। ছয় সাক্ষী হলেন রেলওয়ে ভবন ঢাকার যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) শামসুজ্জামান, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান, রেলওয়ে পশ্চিমাঞ্চলের এজিএম শহিদুল ইসলাম ও জহুরুল ইসলাম, রেলওয়ে ভবন ঢাকার সিএসটিই নাসির উদ্দিন আহমেদ, রেলওয়ে পূর্বাঞ্চলের কনিষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা এস এম আবদুল্লাহ।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। তাঁরা তদন্ত কমিটির সদস্য ও দুদকের দায়ের করা মামলায় জব্দ তালিকার সাক্ষী। রেলের সহকারী কেমিস্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে পাস দেখান আসামিরা পরস্পর যোগসাজশে। দুদক অনুসন্ধান ও তদন্তকালে দুর্নীতির কাগজপত্র জব্দ করে।
মাহমুদুল হক জানান, সাক্ষ্যে ছয়জন সাক্ষী সহকারী কেমিস্ট পদে নিয়োগসংক্রান্ত কাগজপত্র, লিখিত পরীক্ষার খাতা, টেবুলেশন শিট, মহাপরিচালক রেলওয়ে বরাবরে দাখিল করা তদন্ত প্রতিবেদন পাতা ১ থেকে ৫১সহ যাবতীয় নথি ও কাগজপত্র জব্দ করার কথা উল্লেখ করেন।