আরও ছয়টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎসংকট মোকাবিলায় দ্রুত আরও ছয়টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির জরুরি বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। খবর ইউএনবির।এই ছয়টি কেন্দ্রে মোট ৫৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর থেকে নয় মাসের মধ্যে এগুলো স্থাপন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আছে মদনগঞ্জে সামিট পাওয়ার লিমিটেডের ১০২ মেগাওয়াট, খুলনায় সামিট গ্রুপের অঙ্গসংগঠন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১১৫ মেগাওয়াট, আইইএল কনসোর্টিয়াম অ্যান্ড অ্যাসোসিয়েটসের ১০০ মেগাওয়াট, কাড্ডায় ডাচ্-বাংলা লিমিটেডের ১০০ মেগাওয়াট, চাঁপাইনবাবগঞ্জে সিনহা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫০ মেগাওয়াট এবং ঝুলুদায় (চট্টগ্রাম) বাংলা ট্রাক লিমিটেডের ১০০ মেগাওয়াট। এই প্রকল্পগুলোতে জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহূত হবে।এর মধ্যে চারটি কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট/ঘণ্টা সাত টাকা ৭৮ পয়সা এবং দুটি কেন্দ্র থেকে সাত টাকা ৭৭ পয়সা দরে বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অথচ পিডিবির প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন খরচ দুই টাকা ৮০ পয়সা। এর ফলে সরকারকে প্রতি কিলোওয়াটে পাঁচ টাকা ভর্তুকি দিতে হবে।