আরও জনশক্তি নিতে আমিরাতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশ থেকে অধিক জনশক্তি বিশেষ করে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নবনিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল শেহি আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যোগ্য প্রকৌশলী, চিকিত্সক, নার্স, প্যারা-মেডিকস, আইটি বিশেষজ্ঞ ও হিসাবরক্ষক গড়ে তুলেছে, যা আরব আমিরাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে হালাল গোশত ও মাছ আমদানির জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এদিকে বাংলাদেশে নবনিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হাইয়ন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদার এবং এ দেশ থেকে বিশেষ করে ওষুধ, সিরামিক ও তৈরি পোশাক আমদানি করতে উত্তর কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানানোর জন্য উত্তর কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।