আরও জনশক্তি নিতে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি মজলিস-ই-শুরার স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-শেখের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।বৈঠককালে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সৌদি আরবে দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনার ওপর বাংলাদেশের জনগণ অনেক গুরুত্ব দেন। বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা প্রতিবছর বাড়ছে।সৌদি স্পিকার বলেন, ইতিমধ্যে বাংলাদেশের স্পিকারের সঙ্গে বৈঠককালে তিনি বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগ ও ব্যবসা-বাণিজ্য জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। সৌদি স্পিকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে উভয় দেশের উচ্চপর্যায়ে প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম এবং সৌদি বাংলাদেশ মৈত্রী গ্রুপের চেয়ারম্যান সাংসদ বি এইচ হারুন উপস্থিত ছিলেন।