আরও জাপানি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান সরকার আরও সহায়তা দেবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানি সংসদের উচ্চকক্ষের সদস্য মিকি ওয়াতানাবে গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে ঐতিহাসিক ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে বর্ণনা করে বলেন, অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শেখ হাসিনা বলেন, সম্প্রতি তাঁর জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে। বাংলাদেশের জনগণ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও প্রধানমন্ত্রী উল্লে­খ করেন।
ওজবাবে ওয়াতানাবে বলেন, জাপানের জনগণ বাংলাদেশের জনগণকে খুবই পছন্দ করে। ওয়াতানাবে গত সোমবার গাজীপুরের পুবাইলে একটি বিদ্যালয় চালু করেছেন। শিক্ষার বিস্তারে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আরও বিদ্যালয় খোলার আগ্রহ প্রকাশ করেন। বিশ্বের ১১টি দেশে ওয়াতানাবে ৭৫০টি চেইন রেস্টুরেন্ট স্থাপন করেছেন। এ ছাড়া তিনি জাপানে ১১০টি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন।
লঞ্চডুবির ঘটনায় শোক: প্রধানমন্ত্রী পদ্মা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
চীনে ভূমিকম্পে মৃত্যুতে শোক: প্রধানমন্ত্রী রোববার চীনে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ওই ভূমিকম্পে বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে তিনি গভীরভাবে মর্মাহত।