বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে। গতকাল আরও তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এ নিয়ে রাষ্ট্রপক্ষ দুই দিনে ছয়টি অভিযোগের বিষয়ে যুক্তি দিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গতকাল নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড এবং জগৎমল্লপাড়া, সুলতানপুর বণিকপাড়া ও ঊনসত্তরপাড়া গণহত্যার অভিযোগের বিষয়ে যুক্তি দেন। তিনি দাবি করেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা এসব গণহত্যার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও দালিলিক নথি পর্যালোচনা করে সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ১৩ এপ্রিল সকালে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে গহিরা গ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের দিকে যান। এ সময় মন্দিরে প্রার্থনারত নূতন চন্দ্রকে টেনেহিঁচড়ে বের করে এনে গুলি করে হত্যা করা হয়। সাক্ষীদের সাক্ষ্যে এটা প্রমাণিত, সাকা চৌধুরী নিজে গুলি করে নূতন চন্দ্রের মৃত্যু নিশ্চিত করেন। তিনি বলেন, নূতন চন্দ্র ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা। তিনি কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, রাউজান এলাকায় নারীশিক্ষার জন্য তিনি প্রথম পদক্ষেপ নেন। নিজের মেয়েকে লেখাপড়া শেখাতে পারেননি বলে নূতন চন্দ্রের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ থেকে তিনি কুণ্ডেশ্বরীতে নারীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগ—জগৎমল্লপাড়া, সুলতানপুর বণিকপাড়া ও ঊনসত্তরপাড়া গণহত্যার বিষয়ে যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য তুলে ধরেন কৌঁসুলি। তিনি বলেন, একাত্তরের ১৩ এপ্রিল সকাল থেকে সারা দিন ধারাবাহিকভাবে এসব গণহত্যা চালানো হয়। সকাল ১০টায় জগৎমল্লপাড়ায় গণহত্যায় কমপক্ষে ৩২ জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়। দুপুরে সুলতানপুর বণিকপাড়া ও বিকেলে ঊনসত্তরপাড়ায় গণহত্যা চালানো হয়। এসব হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল হিন্দুদের আংশিক বা সম্পূর্ণরূপে নির্মূল করা। সাক্ষীদের সাক্ষ্যে এসব গণহত্যায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা প্রমাণিত। বেশির ভাগ ক্ষেত্রে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।ষষ্ঠ অভিযোগের যুক্তি উপস্থাপন শেষ হলে মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।গত রোববার থেকে রাষ্ট্রপক্ষ এ মামলায় যুক্তি উপস্থাপন শুরু করেছে। যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষকে তিন দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষ যুক্তি উপস্থাপনের জন্য চার দিন সময় পাবে।এদিকে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আসামিপক্ষের করা আবেদন গতকাল খারিজ করেন ট্রাইব্যুনাল।