আরও তিন অস্ত্রধারীর পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে গত রোববার যুবদলের সম্মেলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করা আরও তিনজনের পরিচয় পেয়েছে পুলিশ। এ নিয়ে নয় অস্ত্রধারীর পরিচয় পেল তারা। কিন্তু গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। এদিকে, রোববারের অস্ত্রবাজি ও সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে টিটু নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গতকাল দুপুর দুইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।এ ব্যাপারে র‌্যাব-১১ কুমিল্লার গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, টিটু নিজের নাম রিপন বলেছেন। তিনি দাবি করেছেন, ঘটনার দিন তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি, ইটপাটকেল নিক্ষেপ করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের পর থানায় সোপর্দ করা হবে।তিনজনের পরিচয়: পরিচয় পাওয়া আরও তিনজনের ছবিও সোমবার প্রথম আলোতে ছাপা হয়েছে। প্রথম পৃষ্ঠায় ছাপা হওয়া ছবির ডান পাশে মুখোশ, টিশার্ট ও জিন্স প্যান্ট পরা যুবকের নাম নাঈম। নাঈমের পাশে একই ধরনের পোশাক পরা বিষ্ণুপুর বাঁশঝাড় মোড় এলাকার নাজিম ও ছবির বাঁ পাশ থেকে ষষ্ঠ হাফ হাতার চেক শার্ট পরা যুবক হলেন দ্বিতীয় মুরাদপুর এলাকার রুবেল। এর আগে পুলিশ অস্ত্রধারী যে ছয়জনের পরিচয় পায় তাঁরা হলেন কুমিল্লা শহরের বিষ্ণুপুর-কালিয়াজুরি এলাকার আরিফ, বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের কাজী জামান, চকবাজার বালুধুম এলাকার আরিফ, তালতলা চৌমুহনীর ফরহাদ ও পাভেল এবং দক্ষিণ চর্থার থিরা পুকুরপাড় এলাকার শহীদ।পুলিশের একাধিক সূত্র দাবি করেছে, অস্ত্রধারীরা পেশাদার। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে কাজী জামান ঘটনার দিন কখনো মুখোশ পরে কখনো মুখোশ খুলে গুলি ছোড়ে। সোমবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ছাপা হওয়া ছবিতে কাজী জামানও রয়েছেন। ওই ছবিতে (ডানদিক থেকে তৃতীয়) তিনি শার্ট, জিন্স প্যান্ট ও মুখোশ পরে বাঁ হাতে অস্ত্র নিয়ে ডান হাত উঁচু করে ছিলেন। অন্যদিকে, পাভেল কুমিল্লা শহরের মেহেদি হত্যা মামলার আসামি।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. শাহ জাহান কবির বলেন, কাজী জামান জাত অস্ত্রবাজ। তিনিসহ অন্য অস্ত্রধারীরা গা ঢাকা দিয়েছে। পুলিশ এঁদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘রোববারের অস্ত্রবাজির সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কোনো নেতা জড়িত নন। যারা অস্ত্রবাজি করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন করেছি। একটি মহল সম্মেলন বানচাল করতে ওই অস্ত্রবাজি করেছে। কিন্তু তাতে সম্মেলন বাধাগ্রস্ত হয়নি।’এদিকে, ঘটনার দিন সংঘর্ষে কুমিল্লা জেলা যুবদলের সাবেক সভাপতি ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক ওরফে সাক্কুর সমর্থক বলে পরিচিত যুবদলের কর্মী মিলন, ফেরদৌস ও রাসেল গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। ওই তিন কর্মী কীভাবে গুলিবিদ্ধ হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। একই দিন শহরের কান্দিরপাড় এলাকার মজুমদার মার্কেটে অস্ত্র পরিষ্কার করতে গিয়ে আমিন উর রশিদের সমর্থক বলে পরিচিত রাজন গুলিবিদ্ধ হন। তিনিও ঢাকায় চিকিৎসাধীন। কুমিল্লা শিক্ষা বোর্ড এলাকায় রাজনের বাসা।গত রোববার কুমিল্লা টাউন হলে দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনের সময় সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকজন যুবক মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সম্মেলনস্থল থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পুলিশ সংবাদপত্রে প্রকাশিত অস্ত্রধারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং অস্ত্রও উদ্ধার করতে পারেনি।