আরও তিন আসামির আত্মপক্ষ সমর্থন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা–সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলায় আত্মপক্ষ সমর্থন করে আরও তিন আসামির আত্মপক্ষ বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে।

আজ মঙ্গলবার তিন আসামি মাওলানা শেখ আবুদস সালাম, মাওলানা আবদুল মাজেদ ভাট, জি এম গোলাম মহাম্মদ নিজেদের নির্দোষ দাবি করে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। এর আগে ১২ জুন শাহাদত উল্লাহ জুয়েল নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ বক্তব্য উপস্থাপন করেছেন। আগামীকাল বুধবারও বাকি আসামিদের পক্ষে আত্মপক্ষ বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

গত ৩০ মে রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপন সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। আজ দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়।

রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতে শুনানিতে অংশ নেন। তাঁকে সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন, আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।

আদালত সূত্র বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২২৫ জন সাক্ষীকে উপস্থাপন করেছেন। এ মামলার আসামি জেএমবির শীর্ষ জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের ব্রিটিশ হাইকমিশনার হত্যাচেষ্টার ঘটনায় করা হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁদের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে এ মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁর নাম বাদ দেওয়ায় হয়।

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী। ২০০৮ সালের ১১ জুন বিএনপি–জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও হুজি জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে অভিযোগপত্র দেন সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, মুফতি হান্নান ও বিপুলের নাম মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাদ দেওয়ায় এখন আসামির সংখ্যা ৪৯। এ মামলা অভিযোগপত্রভুক্ত ৪৯ আসামির মধ্যে তারেক রহমানসহ পলাতক ১৮ জন। জামিনে আটজন এবং কারাগারে ২৩ জন আটক আছেন।