আরও তিন জেলায় রেলে নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে রেলপথে নাশকতা চলছেই। গত বুধবার রাতেও জয়পুরহাট ও রাজবাড়ীতে রেললাইনের ফিশপ্লেট ও প্যান্ড্রল ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। রাজশাহীর পবা উপজেলায় হয়েছে সংঘর্ষ। রেললাইনে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচলে বাধা দেওয়ার সময় অবরোধকারী ও পুলিশের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
এ নিয়ে গত ২৫ অক্টোবর থেকে বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রেলে প্রায় ২৪৭টি নাশকতার ঘটনা ঘটল। এর অধিকাংশই ঘটেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দফা অবরোধ কর্মসূচিতে।
উদ্ভূত পরিস্থিতিতে রেলপথে নিরাপত্তারক্ষীসহ ইঞ্জিন ও ট্রলি দিয়ে জরুরি টহল শুরু হয়েছে। রেলপথের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। পাশাপাশি ট্রেনের সময়সূচি বদল ও গতিবেগ কমানো হয়েছে।
রাজশাহী স্টেশন থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনটি বুধবার রাত পৌনে নয়টার দিকে পবা উপজেলার হরিয়ান এলাকায় অবরোধকারীদের কবলে পড়ে। অবরোধকারীরা রেললাইনে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় রেলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের দুই শতাধিক শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টারের কার্যালয় সূত্র জানায়, বুধবার রাতের কোনো একসময় সদর উপজেলার সূর্যনগর রেলস্টেশন ও বেলগাছি রেলস্টশনের বাড়াইঝুড়ি এলাকায় রেললাইনের দুটি ফিশপ্লেট ও প্রায় ২০০টি প্যান্ড্রল ক্লিপ খুলে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পর গতকাল সকালে রেললাইনের মেরামতকাজ শুরু করা হয়। মেরামত শেষে সকাল আটটা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাটে খুলনা-পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল দুই দফায় সাত ঘণ্টা বন্ধ ছিল। দুর্বৃত্তরা রেলওয়ে ফিশপ্লেট ও প্যান্ড্রল ক্লিপ খুলে ফেললে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইনের ১০৫টি প্যান্ড্রল ক্লিপ ও ১২টি ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে রাত ১১টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এদিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের উড়ি ব্রিজের কাছে বুধবার দিবাগত রাত চারটার দিকে ৪২ ফুট রেললাইন তুলে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। সেখানে কিছু ফিশপ্লেট ও প্যান্ড্রল ক্লিপও খুলে ফেলা হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলম ও জয়পুরহাট রেলের স্টেশনমাস্টার নূরুল ইসলাম জানান, লাইন মেরামত করায় এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহীর নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট ও রাজবাড়ী প্রতিনিধি]