আরও তিন দিন সময় নিল কলেজের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটিও নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। গতকাল রোববার প্রতিবেদন জমা দেওয়ার দিনে তদন্ত দল আরও তিন দিন সময় নিয়ে আগামীকাল মঙ্গলবার প্রতিবেদন দাখিলের কথা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে। এর আগে জেলা প্রশাসনের তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় নেয়। ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ ভসঞ্চীভূত হয়। ছাত্রাবাস থেকে শিবিরকে তাড়াতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসে আগুন দিয়েছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও ২২ জুলাই তদন্ত কমিটি আরও ১০ দিন সময় বর্ধিত করে। কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটির ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল। গতকাল ১৫ দিন অতিবাহিত হওয়ার পর কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন দিন সময় চায়। কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান আল-হেলাল ভূঁইয়া জানান, তদন্তের সব কাজ সম্পন্ন হয়েছে। অভ্যন্তরীণ আলোচনা শেষে মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির মতোই কলেজ কর্তৃপক্ষের নির্দেশনায় গঠিত কমিটির প্রতিবেদন কয়েকটি ধাপে সাজানো হয়েছে। প্রতিবেদনে ঘটনার পর বেশ কিছু পত্রিকার সচিত্র প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।