আরও তিন পৌরসভার নতুন তফসিল
মাদারীপুর, চাঁদপুর ও নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এই তিন পৌরসভায় ভোট গ্রহণ হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।এসব পৌরসভার ওপর দেওয়া হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করায় কমিশন পুনঃতফসিলের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ছহুল হোসাইন বলেন, এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ায় কমিশন আবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণা অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে। ১ ও ২ জানুয়ারি মনোনয়পত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।এর আগে মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকোরিয়া এবং ভোলার চরফ্যাশন পৌরসভায় ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে নতুন তফসিল ঘোষণা করা হয়।কমিশন সূত্র জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী এখনো ঘোষিত ২৬২টি পৌরসভার মধ্যে সাতটির নির্বাচন স্থগিত রয়েছে। এগুলো হলো দিনাজপুরের পার্বতীপুর, কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া, ফরিদপুরের ভাঙ্গা, নরসিংদীর মাধবদী, ফেনীর দাগনভুঞা ও শরীয়তপুরের জাজিরা। স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে কমিশন এসব পৌরসভার জন্যও আবার তফসিল ঘোষণা করবে।