আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও তিনজন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে আজ শনিবার একজন ও গতকাল শুক্রবার দুজন মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দুজন নারীসহ মোট নয়জন বাংলাদেশি মারা গেলেন।


ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, আজ মদিনায় আমিন উল্লাহ (৭৯) নামের একজন হজযাত্রী মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। এ ছাড়া গতকাল মারা যান সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার মোহাম্মদ ফায়াজউদ্দিন (৭৪) ও তাড়াশ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (৬৪)। এ নিয়ে হজ করতে যাওয়া মোট নয়জন বাংলাদেশি মারা গেলেন। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় চারজন মারা যান।


এর আগে যে ছয়জন মারা গেছেন তাঁরা হলেন, নেত্রকোনার আটপাড়া থানার মোহাম্মদ ইব্রাহিম (৯২), নওগাঁর ফিরোজা খাতুন (৬৫), ঢাকার খিলক্ষেতের শাহাবউদ্দিন (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।


আগামী ৪ অক্টোবর পবিত্র হজ হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাওয়ার কথা। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৪৬ হাজার ২২৫ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ১ হাজার ৪১৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৪ হাজার ৮১২ জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন।


৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।