আরও তিন মন্দিরে আগুন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে গত বুধবার রাতে দুটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একই রাতে বগুড়ার নন্দীগ্রামেও একটি মন্দিরে আগুন দেওয়া হয়। আর সাতক্ষীরার কলারোয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয়েছে সংখ্যালঘুদের একটি খড়ের গাদায়।
এদিকে, দিনাজপুরে সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে এককাট্টা হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। ময়মনসিংহের ত্রিশালে মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নবীনগরে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুলিশ ক্যাম্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিটি গঠন করেছে প্রশাসন।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: মোরেলগঞ্জে মন্দিরে আগুন ভাঙচুর: মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত উত্তর কচুবুনিয়া গ্রামে বুধবার রাতে একটি মন্দিরে কেরোসিন তেল ঢেলে আগুন এবং অপর একটি মন্দিরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত মন্দির দুটি হচ্ছে, উত্তর কচুবুনিয়া সর্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির এবং কামলা জিলবুনিয়া সর্বজনীন কালী-মন্দির। দুর্বৃত্তরা একটি মন্দিরে রাখা রাধা-গোবিন্দ মূর্তি ভাঙচুর করে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাধা-গোবিন্দ মন্দিরে রাধা-গোবিন্দের যুগল মূর্তি ভেঙে উপুড় হয়ে পড়ে আছে। পাকা ভবনের ওই মন্দিরকক্ষের বাইরে লাগোয়া একটি টিন ও কাঠের ঘর আগুনে সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়েছে। মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ হালদার জানান, টিন ও কাঠের তৈরি ঘরটিই একসময় ছিল মূল মন্দির। বর্তমান পাকা ঘর নির্মাণের পর থেকে এই ঘরটি মন্দিরের বিভিন্ন মালামাল রাখার জন্য ব্যবহূত হতো।
উত্তর কচুবুনিয়ায় সর্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দিরের জমিদাতা দম্পতি ও মন্দিরের পাশের বাসিন্দা সুনীল বিশ্বাস ও সেবিকা মণ্ডল জানান, রাত দেড়টার দিকে মন্দিরে আগুন ধরার পর তাঁরা শব্দ পেয়ে ঘরের বাইরে এসে দেখেন, চার-পাঁচজন লোক দৌড়ে চলে যাচ্ছে। পরে গ্রামবাসী এসে আগুন নিভিয়ে ফেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল আসলাম খান জানান, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আবদুল হালিম শেখ, আসাহাক হাওলাদার ও মিন্টু শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নন্দীগ্রামে মন্দিরে আগুন: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম কালীমন্দিরে বুধবার রাতে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মন্দির কমিটির সভাপতি গীরেন চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত কালীমন্দিরে হামলা চালায়। তারা মন্দিরের দেয়ালে খড়ি বিছিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গীরেন চন্দ্র জানান, বুধবারের ওই ঘটনার পর থেকে এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভয়ে-আতঙ্কে কেউ কেউ বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে।
নন্দীগ্রাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র প্রথম আলোকে বলেন, হামলা ঠেকাতে পাড়া-মহল্লায় বাড়িঘর ও মন্দির পাহারায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সর্বজনীন কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলারোয়ায় দুই বাড়িতে আগুন: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ক্ষেতপাড়ার বাসিন্দা যুগিখালী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সাহার বাড়ির সামনে খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্বপন সাহা ও তাঁর ছোট ভাই সত্য সাহার বাড়িতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে দুটি বাড়ির কিছু অংশ পুড়ে যায়।
স্বপন সাহা জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধে গত সোমবার তাঁদের গ্রামে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এর পর থেকে তাঁরা রাত জেগে এলাকায় পাহারা দিয়ে আসছেন। এতে ক্ষুব্ধ জামায়াত ও বিএনপি তাঁদের বাড়িতে আগুন দিতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।
তবে কলারোয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওসমান গনি জানান, এ ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নয়।
সংখ্যালঘুদের নিরাপত্তায় এককাট্টা আওয়ামী লীগ-বিএনপি: দিনাজপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় একমত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সব ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে বসবাসের ঘোষণাও দিয়েছেন। এ ছাড়া এলাকার শান্তি-শৃৃঙ্খলা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন উভয় দলের নেতা-কর্মীরা।
সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজার চত্বরে গতকাল বিকেলে এক সভায় উভয় দলের নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন কুপতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের কুপতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (বেড়াডাঙ্গা) কমিটির সাধারণ সম্পাদক জিয়াদ আলী প্রথম আলোকে বলেন, ‘সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সভায় এলাকায় সম্প্রীতি বজায় রাখতে আমরা উভয় দলের নেতা-কর্মীরা একমত হয়েছি।’
বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফয়জার রহমান ও সাধারণ সম্পাদক শামছুল আলমও সভায় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। শামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা আশ্বস্ত করতে চাই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
ত্রিশালে মামলা: ময়মনসিংহের ত্রিশালের তিখরি গ্রামে গত মঙ্গলবার রাতে একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় গতকাল মামলা হয়েছে। ত্রিশাল থানার এএসআই খলিলুর রহমান মামলাটি করেন। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিশাল থানা বিএনপির সভাপতি মাহবুবুর রহমানসহ বিএনপির ১৩ জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার আসামি যুবদল নেতা আহামঞ্চদ আলী ও সারোয়ার হোসেনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগরে পুলিশ ক্যাম্প: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের বণিকপাড়ায় হিন্দুদের আতঙ্ক দূর করতে ওই পাড়ায় একটি অস্থায়ী ‘পুলিশ ক্যাম্প’ বসানো হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া সম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় ‘নবীনগর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন পেশার সুধীজনের উপস্থিতিতে ইউএনওকে ‘আহ্বায়ক’ করে ৫১ সদস্যের ওই কমিটি গঠনা করা হয়।
বণিকপাড়ার প্রদীপ সেনগুপ্তের বাড়ির দরজায় গত মঙ্গলবার রাতে ‘চিরকুট’ লাগিয়ে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা দেওয়া না হলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে ওই এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।