আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহাদাতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন নাশকতার মামলায় ২৬ দিন ধরে কারাগারে। গতকাল রোববার আরও তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে তিনি বিএনপির  প্রার্থী। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মোট মামলা ৪৫টি।

নগরের কোতোয়ালি ও সদরঘাট থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মো. খায়রুল আমীন শুনানি শেষে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা তিন  মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ নভেম্বর কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখান আদালত।

গত ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে সেখানে ভিড় জমান দলীয় নেতা-কর্মীরা। তাঁরা শাহাদাতের মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

শাহাদাতকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করে শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, গত ২১ অক্টোবর চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় পুলিশের ওপর হামলা, জনমনে ভীতি প্রদর্শন ও উসকানি দেন শাহাদাত। এ ছাড়া ৩০ অক্টোবর নগরের কাজীর দেউড়ি এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার অংশ হিসেবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামি শাহাদাত। তিনি নগরের সদরঘাট থানার একটি হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটান। তদন্ত কর্মকর্তারা নগরের কোতোয়ালি থানার দুটি এবং সদরঘাট থানার একটিসহ তিনটি মামলায় শাহাদাতের জড়িত থাকার তথ্য পেয়েছেন।

 শাহাদাতের  আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ শুনানিতে বলেন, একজন চিকিৎসক এবং নগর বিএনপির সভাপতি পরপর দুদিন নগরের রাস্তায় ঘুরে ঘুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন এটি অবাস্তব। সম্পূর্ণ গায়েবি ঘটনা। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। শুধুমাত্র নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাঁকে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন থেকে শাহাদাত বিএনপির একমাত্র প্রার্থী। কারাগারে থাকার কারণে তিনি নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। পারছেন না সংগঠনের কোনো দায়িত্ব পালন করতে। শুনানিতে শাহাদাতের পক্ষে প্রায় ৫০ জন আইনজীবী ছিলেন। শুনানি শেষে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তিন মামলায় শাহাদাতের জামিনের আবেদন করা হলে আগামী বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

শাহাদাতের আইনজীবী আরও বলেন, নগরের বাকলিয়া থানার আরও তিনটি গায়েবি মামলায় শাহাদাতকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য রয়েছে।