আরও তিন মামলায় শওকত মাহমুদ জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আরও তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মোরসেদ আল মামুন। চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর মুগদা থানায় দুটি ও পল্টন থানায় করা একটি মামলায় গতকাল জামিন পান শওকত মাহমুদ।
এ নিয়ে নাশকতার আটটি মামলায় শওকত মাহমুদ জামিন পেলেন। গতকালের আগে দুই দফায় নাশকতার পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর আটকের পর শওকত মাহমুদকে বিভিন্ন থানায় নাশকতার ২০টি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।