আরও তিন সাক্ষীর জেরা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার আরও তিন সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরে আদালত আগামী ৪ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।

গতকাল সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, সোনালী ব্যাংকের গুলশান নিউ নর্থ শাখার কর্মকর্তা মফিজ উদ্দিন ও ফেনীর ছাগলনাইয়ার সাব-রেজিস্ট্রার ফারুককে জেরা করেন খালেদা জিয়া এবং অন্য আসামিদের পক্ষের আইনজীবীরা। গতকাল বগুড়ার গাবতলী ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুল জলিল সাক্ষ্য দেন। তাঁকেও জেরা করে আসামিপক্ষ।

এ মামলায় গতকাল পর্যন্ত ১৭ জনের জেরা শেষ হয়েছে।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে আসামি করা হয়েছে।