আরও তিন হাজার ৭০০ ইউপির তফসিল এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় দফায় ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সারা দেশে তিন হাজার ৭০২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় উপকূলবর্তী ১২ জেলার ৫৫৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল রোববার শেষ হয়েছে। ৫৯৪টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলা ও সীমানা জটিলতার কারণে শেষ পর্যন্ত ৪১টি ইউনিয়নে ভোট নেওয়া সম্ভব হয়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এসব নির্বাচন করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে এসব ইউপি নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হয়েছে। তবে অতিরিক্ত প্রার্থী হলে সেসব ইউনিয়নের জন্য নতুন করে ব্যালট পেপার ছাপানো হবে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফায় এবার চার হাজার ২৫৫টি ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে। মামলা, সীমানা নিয়ে জটিলতা ও মেয়াদোত্তীর্ণ না হওয়ায় বাকি আড়াই শ ইউনিয়নে এখন নির্বাচন করা হবে না।জানা গেছে, এসএসসি পরীক্ষা, আদম শুমারি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচনকে দুই পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়। প্রথম দফার নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রথম দফায় করা নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। দ্বিতীয় দফায় এ মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মে-জুনে এসব নির্বাচন শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সাখাওয়াত হোসেন বলেন, গতকাল শেষ হওয়া প্রথম দফার ইউপি নির্বাচন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রার্থী ও ভোটার সবাই আইন ও নির্বাচনী বিধিবিধান মেনে চলায় সমস্যা কম হয়েছে। আইনশৃঙ্খলা ভালো থাকায় ভোটার উপস্থিতি ছিল বেশি। গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।