আরও তিনজন গ্রেপ্তার বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চারজন গ্রেপ্তার ও একজন আটক হলেন। ইকবাল হত্যার প্রতিবাদে গতকাল সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন তাঁর সমর্থকেরা। পরে সমাবেশ থেকে তাঁরা ইকবাল আজাদ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ জানায়, ইকবাল আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শরীফ মিয়া (২৭) ও সন্দেহভাজন নাসির উদ্দিনকে (২৭) জেলার বিজয়নগর উপজেলার আওলীয়া বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার করে। তাঁরা উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা। তাঁদের গতকাল সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠান । এদিকে সরাইল থানার পুলিশ গতকাল দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকা থেকে আলীফ ঠাকুর (২৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলা সদরের বড় দেওয়ানপাড়া গ্রামের শাহ আলম ঠাকুরের ছেলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আশা করি, স্বল্প সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’ গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ইকবাল আজাদ খুন হন। এ ঘটনার এক ঘণ্টার মধ্যে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোকারম আলীকে গ্রেপ্তার করে।