ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ার–ম্যান একরামুল হক হত্যা মামলায় গতকাল শনিবার বিকেলে ফেনীর বিচারিক হাকিমের আদালতে আরও তিনজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া দুজনের পাঁচ দিনের রিমান্ড শেষে আরও দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলে ফেনীর আমলি আদালতের জে৵ষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের চেম্বারে একরাম হত্যা মামলার আরও তিনজন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁরা হলেন সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী শিফাত, জাহিদুল হাসেম সৈকত ও মো. শাহ জালাল উদ্দিন শিপন। জবানবন্দি শেষে তাঁদের তিনজনকে ফেনী কারাগারে পাঠানো হয়।
এদিকে, পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মীর হোসেন স্বপন ও জাহিদুল ইসলাম নামের দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার পরিদর্শক আবুল কালাম আজাদ আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তাঁদের দুজনকে আরও দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ মে ফেনীর র৵াব এ দুজনকে ফেনী পুলিশে সোপর্দ করে। ২৭ মে তাঁদের আদালতে পাঠিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, একরাম হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অবশিষ্ট ১৪ জনকে দুই থেকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।