একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সমন্বয়ক মো. আবদুল হান্নান খান। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে তদন্ত হয়েছে তাঁরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ফোরকান মল্লিক এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাহিদুর রহমান ও আফসার হোসেন। এই তিনজনের বিরুদ্ধে দুটি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি তদন্ত হয়েছে ফোরকান মল্লিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাঁর বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে। বর্তমানে ৬৩ বছর বয়সী ফোরকান মুক্তিযুদ্ধকালে মুসলিম লীগের কর্মী ও স্থানীয় শান্তি কমিটির সদস্য ছিলেন। ১৯৭১ সালে মির্জাগঞ্জের আরও কয়েকজন স্বাধীনতাবিরোধীকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় রাজাকার বাহিনী গঠন করেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে আটজনকে হত্যা ও গণহত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে জোর করে ধর্মান্তরিত করা, ১৩টি পরিবারকে দেশ থেকে বিতাড়ন এবং ৬৪টি বসতঘর ও দোকান লুটের পর অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় তদন্তটি হয়েছে মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। মাহিদুর রহমানের (৮৪) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক (কাইতানিটোলা) গ্রামে, আফসার হোসেনের বাড়ি একই উপজেলার সাতরশিয়া (রসুনচক) গ্রামে। তাঁরা ১৯৭১ সালে স্থানীয় রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন। তদন্তে এই দুজনের বিরুদ্ধে ২৮ জনকে অপহরণের পর নির্যাতন ও হত্যার এবং ৭০টি ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত সংস্থার সমন্বয়ক বলেন, ফোরকান মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে কারাগারে আটক আছেন। মাহিদুর ও আফসার বিস্ফোরক দ্রব্য আইনে শিবগঞ্জ থানার একটি মামলায় কারাগারে আছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান খান জানান, তদন্ত সংস্থায় মানবতাবিরোধী অপরাধের আরও ১৯টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগের বিপরীতে মোট আসামি ২৯ জন।