
রাজধানীর তেজতুরী বাজারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত আরও তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধা ঘণ্টার মধ্যে মারা গেছেন ইব্রাহিম খলিল (৩৫) ও সফিউল আজম (৫০)। এরপর রাত সাড়ে ১১টার দিকে মোতালিব হোসেন (১৪) একই হাসপাতালে মারা যায়। গত বৃহস্পতিবার বিকেলের ওই দুর্ঘটনার পর গভীর রাতে মারা গিয়েছিলেন ভ্যানচালক আবদুল লতিফ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গতকাল তিনজনের মৃত্যুর কথা জানান। এ সময় প্রথম আলোকে তিনি বলেন, চিকিৎসাধীন ছয়জনের মধ্যে পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। একজন ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল মারা যাওয়া সফিউল ওই দোকানের ব্যবস্থাপক ছিলেন। আগুনে তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে যায়। ঘটনার
সময় তিনি দোকানের ভেতরে ছিলেন। এক সন্তানের জনক সফিউলের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের বাদুরগাছা এলাকায়। বাবা আবদুল মালেক।
মৃত ইব্রাহিম খলিলের তেজতুরী বাজার এলাকায় আইপিএস মেরামত ও বিক্রির দোকান আছে। তিনি আগুন লাগা দোকানের মালিক মাহমুদুলের সঙ্গেই দোকানের ভাড়া নিয়ে কথা বলতে গিয়েছিলেন। আগুনে ইব্রাহিমের শরীরের ৯১ ভাগ পুড়ে গিয়েছিল। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের বরিহাটি এলাকায়। বাবা মৃত সাইদুল হক। ইব্রাহিমও এক সন্তানের জনক। মৃত মোতালিব ওই দোকানের কর্মচারী ছিল। তার শরীরের ৭৫ ভাগ পুড়ে যায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ৭২ তেজতুরী বাজারের একটি পোশাক কারখানার নিচতলায় মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের ওই দোকানে আগুন ধরে যায়। এতে দোকানের মালিক, কর্মচারী, পথচারীসহ ১১ জন গুরুতর দগ্ধ হন। মারা যাওয়া ওই চারজন ছাড়া বাকি দগ্ধ ব্যক্তিরা হলেন দোকানমালিক মাহমুদুল হাসান, পথচারী ভ্যানচালক জহিরুল ইসলাম, মাকসুদুর রহমান, পাশের ভবনের নিরাপত্তাকর্মী জাকির হোসেন, রেস্তোরাঁর কর্মী উজ্জ্বল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী আকতার ও নর্দার্ন ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইফফাত আরা। দুই ছাত্রী ঘটনার সময় ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। ইফফাত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের দোকানটিতে কাপড় থেকে দাগ তোলার ‘থিনার’সহ নানা রাসায়নিক দ্রব্য বিক্রি করা হতো। আগুন লাগার একপর্যায়ে দাহ্য পদার্থ থিনারের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুনের শিখা গোটা দোকান এবং বাইরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুন লাগে।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলেছে, অতি উচ্চমাত্রার দাহ্য রাসায়নিক পদার্থের কারণেই অল্প সময়ে এত বেশি মানুষ দগ্ধ হয়েছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গতকাল বলেন, তিনজনের মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় দোকানমালিকের কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মেজর মুহম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, রাসায়নিক দ্রব্য থিনার রং পাতলা করার জন্য ব্যবহূত হয়। ধারণা করা হচ্ছে, ওই থিনারের সঙ্গে কোনোভাবে আগুনের সংস্পর্শ লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মেজর মাহবুব বলেন, সাধারণত থিনার রাখার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে থিনার যেহেতু দাহ্য বস্তু, তাই এটি রাখার ব্যাপারে আইন বা নীতিমালা দরকার।