বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ সাক্ষ্য গ্রহণ করেন।
গতকাল সাক্ষ্য দেন চিকিৎসক মো. মাকসুদ, চা দোকানদার আজিজুল হাকিম ও ফেরিওয়ালা মোতালেব। আদালত ১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গতকাল পর্যন্ত এ মামলায় ১৯ জনের সাক্ষ্য-জেরা শেষ হলো।
এ মামলায় কারাগারে আটক আটজন হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। গতকাল তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অপর ১৩ আসামি পলাতক রয়েছেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন।