বিডিআর বিদ্রোহের সময় পিলখানা হত্যা মামলায় গতকাল বুধবার আরও তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন: হাবিলদার ওমর আলী, সিপাই হেমায়েত হোসেন ও সিগন্যালম্যান ওসমান গনি।এই মামলার বিচারের জন্য ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর জজ আদালতের অস্থায়ী এজলাসে সাক্ষ্য দেওয়ার পর এই তিন সাক্ষীকে জেরা করেন আসামিদের আইনজীবীরা। এ ছাড়া আগের এক সাক্ষী শাহজাহানের অসমাপ্ত জেরাও শেষ করেন আসামির আইনজীবীরা।সিপাই হেমায়েত হোসেন বলেন, বিদ্রোহের আগে বিভিন্ন সময়ে দাবিদাওয়া নিয়ে বিডিআর সদস্যদের মধ্যে আলোচনা হতো। তাঁদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল বলেও তিনি জানান। হাবিলদার ওমর আলী বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বিডিআরের দরবারে হইচই শুরু হলে মহাপরিচালক সবাইকে বলেন, “আপনারা বসুন, দরবার আবার শুরু হবে। কেউ দরবার ত্যাগ করবেন না।” কিন্তু মহাপরিচালকের আদেশ অমান্য করে অধিকাংশ জওয়ান দরবার ত্যাগ করেন।’ ওসমান গনি বলেন, বিদ্রোহের সময় তিনি সৈনিকদের মারমুখী অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। এ সময় কয়েকজন সৈনিককে তিনি অস্ত্র হাতে দেখেছেন। তিনি তাঁদের নামও বলেছেন।এদিকে পিলখানা হত্যা মামলায় রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ এ মাসেই শুরু হচ্ছে বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, গুরুত্বপূর্ণ এসব সাক্ষীর মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ আরও কয়েকজন সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের মহাপরিচালক প্রমুখ। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ শেষ হলেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে। বিডিআর বিদ্রোহে পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে এই মামলা দায়ের করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। সিআইডি কর্মকর্তারা প্রথম দফা তদন্ত শেষে ২০১১ সালের ১২ জুলাই হত্যা এবং অস্ত্র-বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে ৮২৪ জনকে আসামি করা হয়। পরে অধিকতর তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনকে আসামি করে সিআইডি। এ নিয়ে আসামি ৮৫০ জন।