আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আরও তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
সাক্ষ্য গ্রহণের সময় আসামির কাঠগড়ায় ছিলেন আসামি মৃধা ও হাফিজুর রহমান। বাকিরা পলাতক রয়েছেন। মামলায় ২৫ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ হয়।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আজ মঙ্গলবার ফুয়েল চেকার পদে নিয়োগের মামলায় শুনানির দিন ধার্য করেছেন।
মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগের দুর্নীতির ১৪টি মামলা রয়েছে। তিন সাক্ষী হলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হযরত আলী মিঞা, একই বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও দুদক ঢাকা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।
সাক্ষী আবু সাঈদ আদালতকে জানান, রেলের সহকারী কেমিস্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে পাস দেখান আসামিরা পরস্পর যোগসাজশে। দুদকের তদন্ত ও অনুসন্ধানে তার সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। নিয়োগ পরীক্ষার টেব্যুলেশন শিটে থাকা নম্বরপত্র ঘষামাজা করে প্রার্থী জহিরুল ইসলাম সাড়ে ২১ নম্বর পেলেও ৩৫, সুলতানা বেগমের ২৩-এর স্থলে ৩৩, গণেশ চন্দ্র শীলের ২৫-এর স্থলে ৩৫ লেখা হয়।
সাক্ষী হযরত আলী মিঞা ও জাহাঙ্গীর আলম আদালতকে জানান, নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন করে তাঁরা পাঠিয়ে দেন। কিন্তু খাতা পাওয়া যাচ্ছে না উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া কম্পিউটারে টাইপ করে প্রার্থীদের প্রাপ্ত নম্বর লিখে স্বাক্ষর নিতে আসেন। কিন্তু প্রার্থীর কোড নম্বরের সঙ্গে কম্পিউটারে টাইপ করে লেখা নম্বরের মিলানোর জন্য খাতা আনতে বললে তিনি আর খাতা আনেনি। পরে দুদকের অনুসন্ধানকালে উত্তরপত্র ঘষামাজার বিষয়টি উঠে আসে।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।