২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গতকাল মঙ্গলবার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই তিনজনের সাক্ষ্য শেষে ১৮ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন ঘটনার দিন (২০০৪ সালের ২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাকের চালক রফিকুল ইসলাম, চালকের সহকারী আল আমীন এবং পলাতক আসামি মহিবুল মুত্তাকীন ও মুরসালিনের পাসপোর্ট ও ছবি জব্দ তালিকার সাক্ষী আবদুর রাজ্জাক। জবানবন্দি দেওয়ার পর এ তিন সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল পর্যন্ত এ মামলায় ১৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল সাক্ষী রফিকুল ও আল আমীন আদালতে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ধানমন্ডির সুধা সদন থেকে বিকেলে শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউর সমাবেশস্থলে আসেন। সমাবেশে মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাকের ওপর উঠে শেখ হাসিনা বক্তব্য দেন। একপর্যায়ে সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। এতে শেখ হাসিনাসহ অনেকে আহত হন। ট্রাকের ওপর শেখ হাসিনাকে রক্ষার জন্য মানবঢাল তৈরি করেছেন আওয়ামী লীগের নেতারা।
রফিকুল ও আল আমীন আরও বলেন, তাঁরা দেখতে পান, অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে শুনেছেন, শেখ হাসিনাকে হত্যা করতে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর লোকজন এ হামলা করেছেন।
সাক্ষী আবদুর রাজ্জাক আদালতে বলেন, এ মামলার পলাতক আসামি তাজউদ্দীনের শ্বশুরবাড়ি বছিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। ওই সময় ওই বাড়ি থেকে মহিবুল মুত্তাকীন ও মুরসালিনের পাসপোর্ট ও ছবি জব্দ করা হয়। তিনি আদালতে জব্দ করা ওই পাসপোর্ট ও ছবি শনাক্ত করেন।
এ মামলায় বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৫ জন কারাগারে আটক আছেন। তাঁদের গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
জামিনে থাকা নয় আসামি আদালতে হাজির ছিলেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক আছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন ও আবু আবদুল্লাহ ভূইঁয়া।