আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত ২১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এই তারিখ ধার্য করেন। একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায়ও সাক্ষ্য গ্রহণের জন্য একই দিন ধার্য করেন। বকশীবাজারে ঢাকার আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল পর্যন্ত ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। মামলা দুটিতে গতকাল খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন জানান তাঁর আইনজীবীরা। আবেদনে বলা হয়, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছেন। এ কারণে আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণ শুরু করেন।
গতকাল এই মামলায় সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান, এজিএম আমির উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার পরিতোষ চন্দ্রকে খালেদা জিয়াসহ অন্য আসামিদের পক্ষে জেরা করা হয়। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মতিঝিল শাখার তৎকালীন ব্যবস্থাপক নওশাদ মাহমুদ, রিলেশনশিপ ব্যবস্থাপক আমিনুল ইসলাম ও কাস্টমার সার্ভিস ব্যবস্থাপক অলোক কান্তি সাক্ষ্য দেন।