ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বুধবার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন পুলিশের কনস্টেবল নূর আমিন ও আল আমিন এবং আনোয়ার হোসেন। তাঁরা্ জব্দ তালিকার সাক্ষী। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহবুবুর রহমান বলেন, ব্যবহৃত মুঠোফোন, মুঠোফোন কেনার রসিদ এবং নিহত রাজীবের ডিএনএ পরীক্ষার আলামত জব্দ করার সাক্ষী ছিলেন এই তিনজন। সাক্ষীরা জবানবন্দি দিয়ে আদালতে এগুলো শনাক্ত করেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহমেদ। এই মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
মামলার অভিযোগপত্রভুক্ত আটজন আসামি হলেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। আট আসামির মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে।