
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আরও তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার তিনজন সাক্ষী সাক্ষ্য দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল চেয়ারম্যান একরামুল হকের ভাই মো. এহছানুল হক এবং আনোয়ার হোসেন ও বেলাল হোসেন নামের আরও দুজন সাক্ষ্য দেন। এ নিয়ে এ হত্যা মামলায় ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, ২৩ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন ও সাইফুল্লাহ রাসেল।
গত ১৫ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে আছেন।
গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয় আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা পাঁচজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার ৫৬ জন আসামির মধ্যে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।