আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আরও তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এ নিয়ে একরাম হত্যা মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিলেন।

আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। তাঁরা হলেন ঘটনার দিন ফেনী সদর হাসপাতালে আহত ব্যক্তিদের সেবাদানকারী তৎকালীন চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী এবং একরাম হত্যাকাণ্ডের পর অস্ত্র উদ্ধার ও জব্দ তালিকার দুই সাক্ষী মো. বেলাল হোসেন ও আবদুল করিম।

আদালত সূত্র জানায়, গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে বাদীসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৪৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে রয়েছেন।

আজ ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা পাঁচজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আজ আদালতে সাতজন আসামির জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আদালতে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন খান, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন, সাইফুল্লাহ রাসেল।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জন আসামি কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হককে রাস্তায় গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।