ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আরও তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন ফেনী সদর হাসপাতালে আহত ব্যক্তিদের সেবাদানকারী চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী এবং জব্দ তালিকার দুই সাক্ষী মো. বেলাল হোসেন ও আবদুল করিম গতকাল সাক্ষ্য দেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আদালতে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন খান, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন ও সাইফুল্লাহ রাসেল। আসামিপক্ষের আইনজীবীরা জানান, গতকাল ৭ জন আসামির জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে আছেন। গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা পাঁচ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।