ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও তিনজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আজ বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
গতকাল ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় জব্দ তালিকার সাক্ষী মার্টিন মণ্ডল, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক ও গৃহপরিচারিকা বেনু মিকা আদালতে সাক্ষ্য দেন। পরে এই তিনজনকে আসামিপক্ষে জেরা করা হয়।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল পরে প্রথম আলোকে বলেন, এ মামলায় গতকাল পর্যন্ত আটজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আজ পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজার তাভেলা। গত বছরের ২২ জুন বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন। কাইয়ুম ও সোহেল শুরু থেকে পলাতক রয়েছেন। বাকি পাঁচ আসামি কারাগারে রয়েছেন।