আরও তিনটি গাছ কর্তন, শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শুক্রবার আবারও তিনটি ঝাউগাছ কেটেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তির মুখে গাছ কাটা বন্ধ রাখার পর তা আবারও শুরু হওয়ায় বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম সেলিম, মো. মোজাম্মেল হক, রায়হান রাইন ও মো. সাজ্জাদুল ইসলাম বলেন, প্রশাসন গায়ের জোরে বৃক্ষ নিধন করছে। ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কর্মকার এবং সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ বলেন, প্রশাসন খোঁড়া যুক্তি দেখিয়ে নির্বিচারে গাছ কাটছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কদ্বীপের ৫৬টি গাছের মধ্যে ১৮টি কেটে ফেলা হয়েছে। বাকি ৩৮টি গাছও কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের দাবি, মূল ফটক থেকে শহীদ মিনার দৃষ্টিগোচর করার জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে।এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সড়কদ্বীপের গাছ কাটা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। জানা গেছে, ১ জুন বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার পর ক্যাম্পাসে গাছ কাটা শুরু হয়। গত বৃহস্পতিবার অমর একুশে ভাস্কর্যের সামনের সড়কদ্বীপে ছয়টি গাছ কাটার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আজিজুর রহমানকে গাছ না কাটার অনুরোধ জানালে তিনি তা বন্ধ রাখার আশ্বাস দিয়েছিলেন।