আরও তিনটি দপ্তর পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে
আগস্ট মাসের মধ্যে স্থানীয় পর্যায়ের আরও তিনটি সরকারি দপ্তর তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে। এরপর পর্যায়ক্রমে সব দপ্তরের দায়িত্বই জেলা পরিষদের কাছে যাবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এ উদ্যোগ নিয়েছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, বাহ্যিক দৃষ্টিতে ধীরগতি মনে হলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান আছে। শিগগিরই স্থানীয় পর্যায়ের সব দপ্তর ও বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে।পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পুলিশ, স্থানীয় সরকার, পরিবেশ ও বন, কৃষি, শিক্ষা, সমাজকল্যাণ, যোগাযোগসহ স্থানীয় পর্যায়ের ৩৩টি সরকারি দপ্তর ও বিভাগ তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ২০০৮ সাল পর্যন্ত ১৭টি দপ্তর ও বিভাগ হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের গত সাড়ে তিন বছরে একটি দপ্তরও হস্তান্তরিত হয়নি। তাই এখন বাকি দপ্তর ও বিভাগগুলোর হস্তান্তর ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই উদ্যোগ কার্যকর করতে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় তিন দিনের সভার আয়োজন করেছে। গতকালের প্রথম সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকতে পারেননি। বেলা তিনটায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ছয়টি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইমদাদুল হক এবং সমন্বয়কারী মন্ত্রণালয় হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।আজকের সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ; মৎস্য ও প্রাণিসম্পদ; বেসামরিক বিমান ও পর্যটন; পরিকল্পনা; মন্ত্রিপরিষদ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থানীয় পর্যায়ের দপ্তর ও বিভাগগুলো পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা হবে। আজকের সভায় ওই ছয়টি মন্ত্রণালয়ের সচিব অথবা তাঁর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।