আরও তিনটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও তিনটি বিভাগ খোলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিভাগ তিনটি হলো ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ম্যানেজমেন্ট এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি অনুষদের অধীন ১৯টি বিভাগ রয়েছে। আরও তিনটি বিভাগ চালু করতে প্রয়োজনীয় জনবলসহ অন্য বিষয়ে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগিরই ইউজিসিতে আবেদন জানাবে। ইউজিসির অনুমোদনের পরই বিশ্ববিদ্যালয়ে বিভাগ তিনটি চালু করা হবে। গতকাল একাডেমিক কাউন্সিলের ১৮তম (জরুরি) সভা হয়েছে। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও আলোচনা হয়। সভায় এ বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও উপাচার্য মো. আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন সাইবুর রহমান মোল্যা, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ইকবাল কবির, বিজ্ঞান অনুষদের ডিন মো. জিয়াউল আমিন, একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান।