আরও তিনটি নথি অন্তর্ভুক্তির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিনটি নথি অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার এ আবেদন জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম।এগুলো হলো: দৈনিক পূর্বদেশ ও দৈনিক বাংলায় ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত দুটি প্রতিবেদন এবং ১৯৭২-৭৩ সালের একটি গোয়েন্দা প্রতিবেদন।কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওই দুটি পত্রিকার প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করে বলেন, ওই দিনের দৈনিক পূর্বদেশ-এর শিরোনাম ছিল ‘দীন মোহাম্মদসহ আরও ১৫ দালাল গ্রেপ্তার’ এবং দৈনিক বাংলার শিরোনাম ছিল ‘আরও ১৫ দালাল গ্রেপ্তার’। দুটি প্রতিবেদনেই গ্রেপ্তারকৃতদের মধ্যে কামারুজ্জামানের নাম ছিল ১৪ নম্বরে। তিনি বলেন, ১৯৭২-৭৩ সালের গোয়েন্দা প্রতিবেদনেও ঢাকায় গ্রেপ্তার দালালদের তালিকায় (২৮৭ নম্বর) কামারুজ্জামানের নাম আছে। তিনি এগুলো নথি হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান।ট্রাইব্যুনাল এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিককে শুনানি করতে বললে তিনি সময়ের আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।গতকাল কার্যক্রমের শুরুতে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আমেনা খাতুন জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।