আরও তিনটি ভবনের অর্ধেক যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে নতুন করে ভাঙন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে চৌহালী উপজেলা পরিষদ চত্বরের উপজেলা কোর্ট ভবন, ডরমিটরি ভবন ও প্রশাসনিক ভবনের অর্ধেক অংশ যমুনায় বিলীন হয়ে গেছে।
উপজেলা পরিষদের কাছে থানার প্রশাসনিক ভবন, প্রাথমিক শিক্ষা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স—এ তিনটি ভবন এখনো টিকে আছে। তবে ভাঙন অব্যাহত থাকায় এগুলোও যেকোনো সময় যমুনায় বিলীন হয়ে যেতে পারে।
জানা গেছে, গত এক মাসে চৌহালী উপজেলা পরিষদের থানা পুলিশ কোয়ার্টারের তিনটি ভবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন, মিলনায়তন, বিআরডিবি ভবন, ত্রাণশিবির কেন্দ্র, সোনালী ব্যাংক ও কৃষি উন্নয়ন ব্যাংক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সর্বশেষ গতকাল রোববার উপজেলা পরিষদের তিনটি ভবনের অর্ধেক অংশ যমুনায় বিলীন হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ বলেন, এক সপ্তাহ ধরে যমুনার পানি কমা ও বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এ কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত তীব্র ভাঙন দেখা দিলে উপজেলা পরিষদের স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার দৃশ্য শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ভাঙন রোধে পাউবো যে ব্যবস্থা নিয়েছিল, তা-ও কোনো কাজেই আসেনি। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কাজ পাশের এলাকায় ভ্রাম্যমাণভাবে চালানো হচ্ছে। বর্তমানে শুধু প্রাথমিক শিক্ষা কার্যালয় ভবন, থানা ভবন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাঁড়িয়ে রয়েছে। এগুলোও যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে।