আরও তিনটি লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ছয় দিন পর গতকাল সোমবার শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের লাশ পাওয়া গেল। এখনো নিখোঁজ দুজন।
হাইমচর থানার ওসি ওয়ালি উল্লা বলেন, বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদীতে গতকাল তিনটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় জেলেরা। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে। লাশ তিনটি নার্গিস (২৮), আহমদ উল্লা (৪৪) ও রতনের (২)। সিয়াম (৬) ও শাহজাদা (৬) নামে দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।
হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারওয়ার কামাল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ যাত্রীবাহী ট্রলার গত মঙ্গলবার সকালে একটি তেলবাহী জাহাজের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়।