আরও তিনটি লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে উদ্ধার হওয়া নোয়াখালীর হাতিয়ার আরও তিন বাংলাদেশি জেলের লাশ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশগুলো বিজিবির কাছে হস্তান্তর করেন।
সাতক্ষীরার ভোমরার অভিবাসন কর্মকর্তা সুব্রত সরকার বলেন, গতকাল দুপুরে ভারতের ২৪ পরগনা জেলার পুলিশ বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া তিন বাংলাদেশির লাশ ভারতের বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। পরে বিএসএফের পক্ষ থেকে সাতক্ষীরার ৩৮ বিজিবির কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষে লাশগুলো গ্রহণ করেন ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজুল গণি। পরে সেগুলো সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বৃহস্পতিবার সাত বাংলাদেশি জেলের লাশ হস্তান্তর করেছিল বিএসএফ।
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, লাশগুলো ইতিমধ্যে পচে বিকৃত হয়ে গেছে। সাতক্ষীরায় এসব লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই শহরের কামালনগর গোরস্থানে আগের সাতটি লাশের মতো এ তিনটিও দাফন করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব মরদেহ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। নিখোঁজ জেলেদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরে জানাবেন বলে জানিয়েছেন।
ট্রলারের মালিক নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার নবীর উদ্দিন মুঠোফোনে বলেন, গত ১৪ আগস্ট ১৭ জন জেলে নিয়ে তাঁর এফবি নূর আলম নামের ট্রলারটি মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরের দিন ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়।