আরও তিনটি শহীদ মিনার ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভাতফেরি পরিণত হয় ক্ষোভের মিছিলে। ফুল দিতে এসে চোখে পড়ে স্কুলের শহীদ মিনার ভাঙা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা । ছবি: প্রথম আলো
প্রভাতফেরি পরিণত হয় ক্ষোভের মিছিলে। ফুল দিতে এসে চোখে পড়ে স্কুলের শহীদ মিনার ভাঙা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা । ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী, কিশোরগঞ্জের হোসেনপুর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে কালিয়াকৈরে গতকাল শুক্রবার দিনেদুপুরে ভাঙচুর হলেও কেউ হামলাকারীদের দেখতে পায়নি। কুমারখালী ও হোসেনপুরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।
এর আগে গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ বছরের পুরোনো শহীদ মিনার ভেঙে ফেলে দুর্বৃত্তরা। একই রাতে পাবনার চাটমোটর উপজেলার একটি শহীদ মিনারও ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শহীদ মিনার ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখে, কে বা কারা মিনারের দুটি স্তম্ভের মাথার কিছুটা অংশ ভেঙে ফেলেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে তারা মিছিল করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশপ্রহরী আবুল কাশেমকে আটক করে।
বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাহাত আরা জান্নাতুল ফেরদৌস বলে, ‘শহীদ মিনারে আঘাত করা মানে ভাষার ওপর আঘাত করা। তার পরও আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়েছি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান শহীদ মিনারে হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেন। ওসি বলেন, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলার প্রধান আসামি সামসুল হক নামের জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে।
কিশোরগঞ্জ: বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনার ভাঙচুর করে দুর্বৃত্তরা। হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
গাজীপুর: শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ে দুই দিন আগে একটি নতুন শহীদ মিনার তৈরি করা হয়। ওই শহীদ মিনারে গতকাল সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে যান। পরে কয়েকজন দুর্বৃত্ত ওই শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভাঙচুর করে পালিয়ে যায়। ভাঙচুরের সময় বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অফিস কক্ষে থাকলেও তারা কিছুই দেখেনটি বলে জানিয়েছেন। পরে বিষয়টি বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানকে জানানো হয়।
বন্ধুসভার মানববন্ধন: গতকাল বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের থানা মোড়ে বক চত্বর এলাকায় মানববন্ধনে বন্ধুসভার অর্ধশতাধিক সদস্যের সঙ্গে পথচারীরাও যোগ দেন। আর রাজশাহীতে গতকাল বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করা হয়। পাবনার শহরের আব্দুল হামিদ সড়কে বিকেলের মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও একাত্মতা প্রকাশ করে।