আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে সরকার
সরকার আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নীতির বাস্তবায়ন শুরু করেছে। গত বুধবার নতুন ৫০০ মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, এরপর আরও ৫০০ মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেওয়া হতে পারে।
গত ১৪ মার্চ যে তিনটি কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র করবে একর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড। একই জেলার পটিয়ায় আরেকটি ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র স্থাপন করবে প্রিসিশন এনার্জি লিমিটেড।
ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর এই তিনটি কেন্দ্রেও জ্বালানি হিসেবে ফার্নেস তেল ব্যবহৃত হবে। তবে এই কেন্দ্রগুলো ভাড়াভিত্তিক কেন্দ্র নয়। এগুলো স্থাপিত হচ্ছে আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার) নীতির অধীনে। সরকার এসব কেন্দ্র থেকে ১৫ বছর বিদ্যুৎ কিনবে।
সরকার সম্প্রতি ফার্নেস তেলের দাম কমিয়ে প্রতি লিটার ৪২ টাকা নির্ধারণ করেছে। এই কেন্দ্রগুলো সরকারের নির্ধারিত দামে ফার্নেস তেল নিলে তাদের উৎপাদিত প্রতি ইউনিট (এক কিলোওয়াট) বিদ্যুতের দাম পড়বে প্রায় ১০ টাকা। আর কেন্দ্রগুলো নিজেরা তেল আমদানি করলে, বিদ্যমান আন্তর্জাতিক বাজারদরে প্রতি ইউনিটের দাম পড়বে ৮ টাকার কম। এই কেন্দ্রের উদ্যোক্তারা নিজেরাই সরকারের অনুমতি নিয়ে তেল আমদানি করতে পারবেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রগুলো থেকে সরকার অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ পাবে। কারণ, উপকূলীয় এলাকায় হওয়ায় তিনটির একটি কেন্দ্রেও তেল পরিবহনের খরচ লাগবে না।
সূত্র জানায়, বিদ্যুৎ খাতে সরকারের মধ্যমেয়াদি পরিকল্পনা ছিল গ্যাস ও কয়লাভিত্তিক কয়েকটি বড় কেন্দ্র স্থাপন করা। সেই পরিকল্পনার বাস্তবায়ন পিছিয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যমান গ্যাসভিত্তিক সব কেন্দ্র চালানোর মতো গ্যাসের সরবরাহ নেই। এ কারণে সরকার বিদ্যমান ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ নবায়ন করতে বাধ্য হচ্ছে। একই কারণে নতুন করে আরও ১ হাজার মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নীতি বাস্তবায়ন করছে।
তবে বিদ্যুৎসচিব বলেছেন, বিদ্যুৎ খাতে জ্বালানি মিশ্রণ বা জ্বালানি বহুমুখীকরণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সে অনুযায়ীই নতুন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো করা হচ্ছে। এখন হয়তো মনে হতে পারে যে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বেশি করা হচ্ছে। কিন্তু আসলে তা নয়। গ্যাস ও কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে বিভিন্ন জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অনুপাতের মধ্যে সামঞ্জস্য পরিলক্ষিত হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় আড়াই হাজার মেগাওয়াট।
পিডিবির সূত্র জানায়, গ্যাসের সরবরাহস্বল্পতার কারণে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় দেড় হাজার মেগাওয়াট কম হচ্ছে। কিন্তু সেচ ও গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা গড়ে সাড়ে ৮ হাজার মেগাওয়াটের মতো। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদনস্বল্পতার কারণে মাঝেমধ্যেই কিছু লোডশেডিং করতে হচ্ছে। এ ছাড়া সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
চলতি সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য প্রয়োজনে সার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত সরকার নিয়েছিল। তবে এখন পর্যন্ত তার পূর্ণ বাস্তবায়ন হয়নি।