আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও কয়েকটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করবে সরকার। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে বাড়তি উৎপাদন ব্যয় ও ভর্তুকিসহ অর্থনীতির ওপর সার্বিক চাপ নিয়ে উদ্বেগ সত্ত্বেও এ পথে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদ্যুৎ খাতে জ্বালানি বহুমুখী (ফুয়েল মিক্স) করার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় সরকার আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার কথা ভাবতে কার্যত বাধ্য হচ্ছে।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলেছে, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা না হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ধারা বজায় রাখা সম্ভব হবে না। চাহিদার সঙ্গে উৎপাদনের সামঞ্জস্য বজায় রাখার জন্য সরকারকে এটা করতে হবে। ইতিমধ্যে একটি বেসরকারি কোম্পানির দেওয়া এ-সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের বিবেচনায় আছে। এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরকারি খাতে এক হাজার ও বেসরকারি খাতে এক হাজার মেগাওয়াট তেল ও এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জায়গা নির্ধারণের জন্য সম্প্রতি একটি কমিটি গঠন করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ব্যয়সাশ্রয়ী বিকল্প জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আরও সময় লাগবে। তাই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন দরকার হতে পারে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জ্বালানি খাতবিষয়ক সাংবাদিকদের এক অনুষ্ঠানেও প্রতিমন্ত্রী এ ইঙ্গিত দেন। তিনি সেখানে বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহারের সক্ষমতা কমে আসছে। কয়লাভিত্তিক কোনো কেন্দ্রই এখন থেকে পাঁচ বছরের আগে চালু হওয়ার সম্ভাবনা কম। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহও যথেষ্ট সময়সাপেক্ষ। কিন্তু চাহিদা বাড়তে থাকবে। এ কারণে উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ খাতকে সচল রাখতে হবে।
দেশের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইউনাইটেড গ্রুপ কিছুদিন আগে চট্টগ্রামের আনোয়ারায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। তাতে তেল আমদানিসহ বিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা—সবই কোম্পানিটির ব্যবস্থাপনায় করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি সরকারের বিবেচনাধীন বলে জানা গেছে।
ওই প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ প্রথম আলোকে বলেন, আনোয়ারায় ওই বিদ্যুৎকেন্দ্র করার মতো জায়গা তাঁদের আছে। সেখানে তেলের টার্মিনাল তৈরি করে সরাসরি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হলে অনেক আর্থিক সাশ্রয় হবে।
সরকার বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখী করার যে পরিকল্পনা নিয়েছিল, সে অনুযায়ী আগামী বছরের মধ্যে বিভিন্ন ক্ষমতার একাধিক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের ব্যবস্থাপনাগত অদক্ষতা এবং অর্থ সংস্থানে অনিশ্চয়তায় এগুলোর নির্মাণকাজ পিছিয়ে গেছে। গ্যাসভিত্তিক কিছু ছোট-বড় কেন্দ্র নির্মাণাধীন। তার সবকটিতে সব সময় প্রয়োজন অনুযায়ী গ্যাস পাওয়া নিশ্চিত নয়। সম্প্রতি পেট্রোবাংলা জানিয়েছে, পরিকল্পনাধীন আটটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।
সরকারি সূত্রগুলো বলছে, জ্বালানি বহুমুখী করার পরিকল্পনায় তেলভিত্তিক কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার কথা, এখন পর্যন্ত তার চেয়ে কমই করা হচ্ছে। তা ছাড়া তেলভিত্তিক কয়েকটি অতি পুরোনো বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বন্ধও করে দিতে হবে। এ যুক্তি দিয়ে বলা হচ্ছে, শেষ পর্যন্ত জ্বালানি বহুমুখী করার পরিকল্পনার তুলনায় তেলভিত্তিক কেন্দ্র বেশি হবে না।
তবে বর্তমান অবস্থায় অপেক্ষাকৃত সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের বদলে আরও তেলভিত্তিক কেন্দ্র করা হলে তা বিদ্যুতের দাম, সরকারের ভর্তুকি ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় সূত্রের অভিমত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম বলেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা ছাড়া সরকারের কাছে বিকল্প তেমন কিছু নেই। তবে এটা করা হলে বিদ্যুতের দাম তো অবশ্যই বাড়বে।