আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, দাম বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আরও প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। অন্যদিকে, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্ভাবনা ক্রমেই পিছিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়লে বিদ্যুতের গড় উৎপাদন মূল্যও বাড়বে। আর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নের যে পর্যায়ে আছে, তাতে ২০২৫ সালের আগে সেগুলো থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম। এর ফলে শুধু যে বিদ্যুৎ খাতে সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব হবে তা-ই নয়, বিদ্যুতের উৎপাদন মূল্য সীমিত রাখা নিয়েও সন্দেহ তৈরি হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১৪-১৫ সালেই বিদ্যুতের উৎপাদন মূল্য কমে আসার কথা। ২০০৯-১০ সালে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সময় সরকার বলেছিল, জ্বালানি তেলচালিত এসব বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি আরও কিছু গ্যাসভিত্তিক এবং বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে ২০১৪-১৫ সালের মধ্যেই বিদ্যুতের উৎপাদন মূল্য সীমিত পর্যায়ে নামিয়ে আনা হবে। ফলে বিদ্যুতের দাম আর বাড়ানো দরকার হবে না বরং কমানো যাবে।
জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ২০২১ সালের মধ্যে রামপাল, মাতারবাড়ি ও পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে বলে সরকার আশাবাদী। সেই লক্ষ্যেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে বিদ্যুৎ খাতের জ্বালানি মিশ্রণের অনুপাত হিসাব করে। তা ছাড়া তেলভিত্তিক নতুন কেন্দ্রগুলো চালু হতে হতে পুরোনো কয়েকটি তেলচালিত কেন্দ্র বন্ধও করে দিতে হবে। কাজেই নতুন তেলভিত্তিক কেন্দ্রগুলোর জন্য বিদ্যুৎ খাতে কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে না। আমদানি বাড়িয়ে বিদ্যুতের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রণালয় সূত্র জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি মিশ্রণের যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াটের মধ্যে প্রায় আট হাজার মেগাওয়াট হওয়ার কথা কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। তেলভিত্তিক কেন্দ্র থেকে হওয়ার কথা প্রায় চার হাজার মেগাওয়াট। এ ছাড়া গ্যাস থেকে প্রায় আট হাজার মেগাওয়াট এবং ভারত থেকে আমদানি এবং দেশের পানিবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি থেকে অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদনের কথা। এ অবস্থায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না হলে এবং তেলচালিতগুলো হলে উৎপাদন মূল্য বৃদ্ধি ঠেকানো যাবে না।
কর্মকর্তারা জানান, প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা তেলভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে চট্টগ্রামে হবে প্রায় ৫৫০ মেগাওয়াট। এর মধ্যে ৩০০ মেগাওয়াটের একটি, ১০০ মেগাওয়াট করে দুটি ও ৫০ মেগাওয়াটের একটি কেন্দ্র রয়েছে। দেশের অন্যান্য স্থানে প্রতিটি ৫০ মেগাওয়াট করে আরও তিনটি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আর ২০০ থেকে ৩০০ মেগাওয়াটের একটি কেন্দ্র করা হচ্ছে খুলনায়।
খুলনার কেন্দ্রটি হচ্ছে প্রচলিত দরপত্র-প্রক্রিয়ার মাধ্যমে। এটির দরপত্র চূড়ান্ত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে। তবে কেন্দ্রটির দরপত্র মূল্যায়নে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
তেলভিত্তিক অন্য কেন্দ্রগুলো হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইনের আওতায়। চট্টগ্রামে ৫৫০ মেগাওয়াট করার যুক্তি হচ্ছে, ওই অঞ্চলে বিদ্যুতের ঘাটতি রয়েছে। তা ছাড়া সেখানে জাহাজে করে তেল এনে সরাসরি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করার সুযোগ থাকায় ব্যয় অনেক কম হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে সরকারি খাতের রামপাল, মাতারবাড়ি, পায়রা ও মহেশখালী (মোট প্রায় পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতার) এবং বেসরকারি খাতের দুটি (মোট প্রায় আড়াই হাজার মেগাওয়াট ক্ষমতার) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এগুলোর যে বাস্তবায়ন পরিস্থিতি, তাতে ওই সময়ের মধ্যে এর একটিও আসছে না। এগুলোর বাস্তবায়ন শেষ হতে ২০২৫ সাল পর্যন্ত গড়িয়ে যেতে পারে।
সরকারি খাতের বড় কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর একটি সাধারণ সমস্যা হচ্ছে কয়লা আমদানির জন্য অবকাঠামোর অভাব ও দীর্ঘ মেয়াদের বিপুল পরিমাণ কয়লার নির্ভরযোগ্য উৎস পাওয়া। কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলোর প্রতিটির জন্য প্রতিদিন কয়লা লাগবে প্রায় ১০ হাজার মেট্রিক টন। তাই এত কয়লা আমদানি করতে হলে আলাদা বন্দর (কোল পোর্ট) ছাড়া সম্ভব হবে না।
ওই সাধারণ সমস্যা ছাড়া, সরকারি খাতের রামপাল কেন্দ্রটির সমস্যা হচ্ছে অর্থায়ন। এই প্রকল্পের জন্য বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি মোট ব্যয়ের ৩০ শতাংশ বিনিয়োগ করবে। অবশিষ্ট ৭০ শতাংশ নেওয়া হবে ঋণ। কিন্তু ঋণের সংস্থান না হওয়ায় এখন ‘বিডার্স ফিন্যান্স’ (যারা কেন্দ্রটির নির্মাণকাজ করবে, তাদেরই অর্থ সংগ্রহ করতে হবে) পদ্ধতিতে কেন্দ্রটি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আপাতত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর।
মাতারবাড়ি কেন্দ্রটির জন্য জাপানের বিনিয়োগ নিশ্চিত। অর্থাৎ এ ক্ষেত্রে অর্থ সমস্যা নয়। সমস্যা হচ্ছে ভূমি উন্নয়ন। কেন্দ্রটি যেখানে নির্মাণ করা হবে, সেখানে প্রায় ৩৩ ফুট (১০ মিটার) মাটি ভরাট করতে হবে। আর শুধু মাটি ভরাট হলেই হবে না, ভরাট করা মাটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উপযুক্ত (কম্প্যাক্ট) হওয়ার জন্য সময়ও লাগবে। কাজেই এ জন্য বিপুল ব্যয় ও সময় দরকার হবে।
জানতে চাইলে মাতারবাড়ি প্রকল্পের বাস্তবায়নকারী ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পস্থলে কয়লার জাহাজ আনার জন্য যে খাল খনন করা হবে, সেই খননের মাটি দিয়েই বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাট করা হবে। সমুদ্রের চরের সেই বেলেমাটির কম্প্যাকশনের জন্য সময় লাগবে। আর সময় দেওয়া না গেলে ওই মাটির সঙ্গে সিমেন্ট মেশাতে হবে। তাতে সময় বাঁচলেও ব্যয় বাড়বে।
মাতারবাড়ির মতোই ভূমি উন্নয়নের সমস্যা মহেশখালী প্রকল্পেরও। তা ছাড়া মহেশখালী প্রকল্পের জন্য বিনিয়োগের প্রস্তাব থাকলেও তা মাতারবাড়ির মতো একেবারে চূড়ান্ত নয়। পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য অর্থায়ন নিশ্চিত। ভূমি উন্নয়নের কাজও শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা কয়লার উৎস নিশ্চিত করা এবং আমদানির জন্য অবকাঠামো নির্মাণ।
বেসরকারি খাতে ওরিয়ন এবং এস আলম গ্রুপের প্রায় আড়াই হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করার কথা। এর মধ্যে ওরিয়ন ৬০০ মেগাওয়াটের একটি কেন্দ্রের জন্য গত মাসে পরিবেশ ছাড়পত্র পেয়েছে। তাদের অর্থায়ন ও কয়লার উৎসও ঠিক করা আছে বলে জানা গেছে। এস আলম গ্রুপও বিনিয়োগ প্রায় নিশ্চিত করে ফেলেছে বলে জানিয়েছে। তবে বেসরকারি খাতের এই দুই কোম্পানির কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০২১ সালের মধ্যে যে শুরু হচ্ছে না, তা প্রায় নিশ্চিত।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম প্রথম আলোকে বলেন, কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর একটিও সময়মতো স্থাপন করতে না পারায় এখন আর তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করে সরকারের উপায় নেই। আর সরকার প্রকাশ্যে যা-ই বলুক, তারা ঠিকই জানে যে শুধু তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হলে গড় উৎপাদন মূল্য অবশ্যই বাড়বে।
মন্ত্রণালয় সূত্র বলছে, ২০১৬-১৭ সাল থেকে সরকারি-বেসরকারি খাতের কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু হওয়ার কথা ছিল। কিন্তু কার্যত এগুলোর বাস্তবায়ন অনেক পিছিয়ে পড়ায় বিদ্যুৎ খাতে সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব হতে পারে। সরকারের পরিকল্পনা হচ্ছে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। প্রয়োজনীয় জ্বালানি পাওয়া গেলে সর্বোচ্চ প্রকৃত উৎপাদন হতে পারে নয় হাজার মেগাওয়াটের মতো।